নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ
ব্যাংক হিসাবের তথ্য তলবকে কেন্দ্র করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পর স্বচ্ছতার স্বার্থে তিনি নিজেই ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি এ তথ্য জনসমক্ষে উন্মুক্ত করবেন বলে জানান।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন। তাই বিষয়টি নিয়ে কোনো গোপনীয়তা নেই এবং জনগণের সামনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করতে তার আপত্তি নেই।
পরে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন তোলেন, যেভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত ছিল কি না। তবে বিতর্ক এড়াতে তিনি স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
গত সোমবার বিএফআইইউ দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আসিফ মাহমুদসহ সাবেক পাঁচ উপদেষ্টার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন কর্মদিবসের মধ্যে হিসাব খোলার ফরম ও লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
