ইরানের নজর বিশেষ টার্গেটে, সামনে বড় চমকের ইঙ্গিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই ‘বড় ধরনের চমক’ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তিনি দাবি করেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান সুপরিকল্পিতভাবে এগোচ্ছে এবং তাদের লক্ষ্য তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। এসব নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে প্রতিপক্ষকে অপ্রস্তুত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
রোববার (৫ এপ্রিল) বার্তা সংস্থা ফারস নিউজে প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যে লক্ষ্যভিত্তিক হামলার তালিকা তৈরি করেছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকিকে তিনি ‘অবাস্তব’ ও ‘হাস্যকর’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, সামরিক ব্যর্থতা এবং যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার মতো ঘটনাগুলো আড়াল করতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরেই গেরিলা কৌশল ও অসম যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে, যা বর্তমান পরিস্থিতিতে তাদের বড় শক্তি হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্র দ্রুত ও সহজ আঘাতের মাধ্যমে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল, তবে সেই পরিকল্পনা ইতোমধ্যেই ভেস্তে গেছে বলেও দাবি করেন তিনি।
ইরানের এই কর্মকর্তা জানান, তাদের প্রস্তুত করা ‘বড় চমক’ খুব শিগগিরই বাস্তবে রূপ নিতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক ঘটনাগুলোর পর পরিস্থিতি ইরানের পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। ওই বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
