দোকান কয়টা পর্যন্ত খোলা থাকবে জানালেন মন্ত্রী


 



জ্বালানি পরিস্থিতির উন্নয়ন বিবেচনায় দোকান ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার দুপুরে তিনি জানান, পূর্বঘোষিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। যদিও ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়েছিল, তবে আপাতত সরকার ৭টা পর্যন্তই অনুমতি দিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনায় সংকট দেখা দেয়। এই পরিস্থিতি সামাল দিতে সরকার বিভিন্ন খাতে সময়সূচিতে পরিবর্তন এনেছে। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং সেবা দেওয়া হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া দোকান ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরও আগে বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপ জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url