৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ


 





১৯৮০ সালে পুরুষদের এশিয়ান কাপে অংশ নেওয়ার পর দীর্ঘ ৪৬ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এবার প্রথমবারের মতো নারী আসরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে নামল বাংলাদেশ। AFC Women's Asian Cup–এ নিজেদের অভিষেক ম্যাচে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শক্তিশালী চীন–এর মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম–এ।



কোচ পিটার বাটলার চমক রেখে একাদশ সাজিয়েছেন। নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমাকে বাইরে রেখে তরুণ মিলি আক্তারকে দায়িত্ব দিয়েছেন পোস্ট সামলানোর। উচ্চতার সুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানা গেছে। অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুনও শুরু থেকে খেলছেন না।



পাঁচ ডিফেন্ডার কৌশলে রক্ষণে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মাঝমাঠে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। আক্রমণে একমাত্র ভরসা শামসুন্নাহার।



চীন নারী দল এশিয়ান কাপে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭তম। বাংলাদেশ রয়েছে ১১২তম স্থানে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। গ্রুপের অন্য ম্যাচে উত্তর কোরিয়া ৩-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url