জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, এ সময় তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন। রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লেভেল-১৫-এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। সেখানে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ ছড়ানো হচ্ছে। দাবি করা হয়েছে, একদল ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও কাল্পনিক’ বলে উল্লেখ করে আসিফ মাহমুদ জানান, জনসম্মুখে ব্যাংক হিসাব প্রকাশের মাধ্যমে তিনি স্বচ্ছতার বার্তা দিতে চান। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের জবাব দেওয়ার এটিই উপযুক্ত উপায়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন বলেও তিনি জানিয়েছেন।
