আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি মামলার প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।
মামলাটি রংপুরে সংঘটিত আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা হয়, যেখানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র গ্রহণ করা হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিচারিক প্রক্রিয়ায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ছিলেন হাসনাত আব্দুল্লাহসহ গুরুত্বপূর্ণ কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ।
প্রসিকিউশনের দাবি, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তারা আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন।
.webp)