জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের






‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ ও ‘গণভোট’ ইস্যুতে উচ্চ আদালতে করা রিটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত বিষয় আদালতে টেনে এনে আইনপ্রণয়ন প্রক্রিয়ায় বাধা দেওয়ার অপচেষ্টা চলছে।



সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি ব্রিফিংয়ে নেতারা এ বক্তব্য দেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদী শাসন পুনরাবৃত্তি ঠেকাতে সংস্কার প্রস্তাব দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়েছে। আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে বিষয়টি আলোচনায় আসার কথা থাকলেও একটি পক্ষ আদালতের মাধ্যমে তা স্থগিত রাখতে চায়।



ব্রিফিংয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা শিশির মো. মনির জানান, দুটি রিটে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’ ও ‘গণভোট অধ্যাদেশ’ চ্যালেঞ্জ করা হয়েছে। তার ভাষ্য, গণভোট ইতোমধ্যে সম্পন্ন; এখন সেটিকে প্রশ্নবিদ্ধ করা মানে জনগণের রায়কেই অস্বীকার করা।




তিনি আরও বলেন, সংসদ অধিবেশন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে হঠাৎ রিট দায়েরের পেছনে সরকারের ইন্ধন থাকতে পারে। রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় আদালতের বিবেচনার বাইরে থাকা উচিত—এ যুক্তিতে তিনি ‘ডকট্রিন অব পলিটিক্যাল কোয়েশ্চন’-এর প্রসঙ্গ তোলেন।

ব্রিফিংয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url