‘জুলাই সনদ’ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ : হাইকোর্টের আদেশ আজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা নিয়ে করা রিটের ওপর আজ আদেশ দিতে যাচ্ছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটগুলোর শুনানি শেষ হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুটি রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিলের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের শপথকে অবৈধ ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও গাজী মো. মাহবুব আলম রিট দুটি দায়ের করেন। এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে আরও একটি রিট করা হয়, যেখানে সনদের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
জনস্বার্থে করা ওই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
