মাতৃত্বের এই জার্নিতে বিরতি নিতে ইচ্ছা করে: দীপিকা পাড়ুকোন
মাতৃত্ব কি কেবল আনন্দের? নাকি এর ভেতরে লুকিয়ে থাকে নিঃশব্দ টানাপোড়েন? বলিউডের উজ্জ্বল আলোয় অভ্যস্ত দীপিকা পাড়ুকোন এখন যেন অন্য এক বাস্তবতায় ডুব দিয়েছেন। ২০২৪ সালে রণবীর সিং–এর সঙ্গে তার ঘর আলো করে আসে কন্যা দুয়া। সেই মুহূর্ত থেকেই তার জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়—ক্যামেরার ঝলকানি থেকে দূরে, সন্তানের হাসি-কান্না আর নির্ঘুম রাতের ব্যস্ততায় ভরা দিনযাপন।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মা হওয়ার পর শারীরিক ও মানসিকভাবে বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন দীপিকা। মাতৃত্ব তাকে পরিপূর্ণ করলেও নিজের জন্য খানিকটা সময়ের প্রয়োজনীয়তাও অনুভব করছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ বিষয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।
দীপিকা জানান, কখনও কখনও তার বিরতি নিতে ইচ্ছে করে, আবার মেয়েকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। অন্য কেউ কোলে নিলে অস্বস্তি লাগে, অথচ নিজের জন্য কিছুটা নীরব সময়ও চান তিনি। এই দ্বৈত অনুভূতিই যেন তার বর্তমান মানসিক অবস্থার প্রতিচ্ছবি—ভালোবাসা আর ক্লান্তির একসঙ্গে পথচলা।
কাজের দিক থেকেও থেমে নেই তিনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কিং’, যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলি–র নতুন ছবিতে তার বিপরীতে দেখা যাবে আল্লু অর্জুনকে।
