ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান
ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলা পরিচালনার আগেই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে লক্ষ্যভেদ করে অক্ষত অবস্থায় মাটিতে নামানো হয়েছে। খবরটি প্রকাশ করেছে শাফাক নিউজ।
আইআরজিসির দাবি অনুযায়ী, ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র ছিল এবং বর্তমানে এটি ইরানের বিমানবাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেটি বিশেষজ্ঞ প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসফাহান ও তাবরিজসহ বিভিন্ন প্রদেশে অন্তত ছয়টি উন্নত ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে প্রায় ৩৫টি শত্রু ড্রোন ধ্বংসের কথাও দাবি করেছে তেহরান।
উল্লেখ্য, Hermes 900 একটি দীর্ঘপাল্লার নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন, যা ৩০ ঘণ্টার বেশি সময় আকাশে থাকতে পারে। দিন-রাত সমান কার্যকর এই ড্রোন মেঘ বা ধোঁয়ার মধ্যেও লক্ষ্যবস্তু শনাক্ত ও চিত্র ধারণে সক্ষম।
