খামেনির দাফনের স্থান নির্ধারণ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে দাফন করা হবে পবিত্র নগরী মাশহাদ-এ। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল, ফার্স নিউজের বরাত দিয়ে।
৮৬ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনি ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। মাশহাদ খামেনির জন্মস্থান এবং ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর। তার বাবা ও পিতৃপুরুষের কবরও ইমাম রেজা মাজার প্রাঙ্গণে অবস্থিত।
ফার্স নিউজের খবরে বলা হয়েছে, খামেনির দাফন অনুষ্ঠিত হবে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে, তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় খামেনির পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতাও নিহত হয়েছেন। ঘটনাটি ইরানে জাতীয় শোকের পরিবেশ তৈরি করেছে। সরকারি কর্তৃপক্ষ খামেনির মৃত্যু ও দাফনের বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করেনি, তবে মাশহাদে দাফনের সিদ্ধান্ত তার জন্মস্থান ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
