এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী


 




ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে এনসিপির মিডিয়া বিভাগ এক বার্তায় জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



দুই দিনের সফরে মঙ্গলবার রাত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান পল কাপুর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস ঢাকা-এর কর্মকর্তারা। সফরসূচি অনুযায়ী, বুধবার তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।




সফরের শেষ দিন তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন এবং পরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথাও রয়েছে তার।



মার্কিন দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক জোরদার করা। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url