হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড





ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ জানিয়েছেন, এই মুহূর্তে প্রণালি ইসলামি প্রজাতন্ত্র নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং যেকোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।



ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত। পরিস্থিতির অবনতি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক কর্মীদের জন্যও নতুন নির্দেশনা জারি করেছে, সৌদি আরব, ওমান ও সাইপ্রাস থেকে দূতাবাস কর্মী ও পরিবারকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।




হরমুজ প্রণালি বন্ধের সম্ভাব্য হুমকি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং নৌ-নিরাপত্তাকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url