কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগে একাধিক মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছে। সর্বশেষ বুধবার (১১ মার্চ) ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে মামলা করেন। এতে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনেন। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।
একই দিনে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে আরও কয়েকজন প্রার্থী পৃথকভাবে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদীও আদালতের দ্বারস্থ হয়েছেন। বিএনপির পক্ষ থেকেও কয়েকজন প্রার্থী নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে মামলা করেছেন। তাদের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনের শরিফুজ্জামান শরীফ, মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার এবং নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম উল্লেখযোগ্য।
এর আগে একই ধরনের অভিযোগ তুলে ১১ দলীয় জোটের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও হাইকোর্টে একটি নির্বাচন পিটিশন দায়ের করেন। পাশাপাশি বিএনপির আরও চারজন প্রার্থী পৃথকভাবে নির্বাচনী আবেদন জমা দিয়েছেন। এসব আবেদনের মাধ্যমে নির্বাচনে অনিয়মের বিষয়টি আদালতের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
