ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে জামায়াত সেক্রেটারিসহ ৪ প্রার্থীর মামলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটে কারচুপির অভিযোগ তুলে একাধিক প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে একটি নির্বাচন পিটিশন দায়ের করেছেন। একই অভিযোগে আরও কয়েকজন প্রার্থী পৃথকভাবে আদালতে আবেদন করেছেন।
মামলা করা প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী। তারা প্রত্যেকেই নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে বিচারিক তদন্তের দাবি জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) এসব নির্বাচনী আবেদন হাইকোর্টে দাখিল করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থীরা তাদের আবেদনে নির্বাচনী ফলাফল ও ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন।
এর আগে একই ধরনের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। পাশাপাশি বিএনপির আরও চারজন প্রার্থী পৃথকভাবে নির্বাচনী আবেদন করেছেন। তারা হলেন— গাইবান্ধা-৫ আসনের ফারুক আলম সরকার, ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী, পাবনা-৩ আসনের হাসান জাফির তুহিন এবং কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসব আবেদনের মাধ্যমে তারা নির্বাচনে অনিয়মের অভিযোগের বিচার চেয়েছেন।
.webp)