দুই আসনের নির্বাচনে গণভোট নয়, জানাল নির্বাচন কমিশন


 




ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে কোনো গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এই দুই আসনের নির্বাচনে ভোটগ্রহণ শুধুমাত্র প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এতে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আট দিনের জন্য আনসার সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় গত ৫ মার্চ। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করার সুযোগ পান। এসব আপিলের নিষ্পত্তির দিন নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url