দাবি আদায়ে ঢাকায় বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। জোটটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কার্যক্রমের প্রতিবাদে তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করছে।
তার বক্তব্যে আরও বলা হয়, সরকার সংস্কারের দাবিকে পাশ কাটিয়ে কেবল সংবিধানে আংশিক সংশোধনের দিকে মনোযোগ দিচ্ছে, যা জনমতের প্রতিফলন নয়। তিনি সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকারের মতোই বর্তমান প্রশাসনও এক ধরনের কর্তৃত্ববাদী পথে এগোচ্ছে।
জোটের নেতারা মনে করছেন, দাবি আদায়ে এখন রাজপথে আন্দোলনই একমাত্র কার্যকর উপায়। তাই তারা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে জনমত গড়ে তোলার পরিকল্পনা করছে। এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি ও কৌশল নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
