মধ্যরাতে লাইভে এসে যে প্রতিশ্রুতি দিলেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তার নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া ওই লাইভে তিনি দেবীদ্বারের বর্তমান অবস্থা, চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যালোচনা, প্রশাসনিক কাঠামো পর্যবেক্ষণ এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার সব সরকারি কাজের তথ্য স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বারের অন্যতম বড় সমস্যা হচ্ছে সড়কের দুরবস্থা। এ সমস্যা সমাধানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের আওতায় বেশ কয়েকটি সড়কের উন্নয়নকাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, বর্ষা শুরুর আগেই এসব কাজ শেষ করা সম্ভব হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।
এ ছাড়া আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার বিষয়েও তিনি তথ্য দেন। দেবীদ্বার পৌরসভায় তিন হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ হয়েছে। প্রতিটি কার্ডধারীকে ১০ কেজি করে চাল পৌঁছে দিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি প্রকল্প ও সহায়তার তথ্য প্রকাশের জন্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন তিনি।
