প্রতিবেশী দেশে হামলা নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি সতর্ক করে বলেছেন, যেসব দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর আক্রমণ চালানো হবে, সেসব স্থানের বিরুদ্ধেই পাল্টা জবাব দেওয়া হবে। শনিবার (৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, দেশের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সম্প্রতি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই নীতির আওতায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালাবে না তেহরান। তবে কোনো দেশ থেকে ইরানের বিরুদ্ধে হামলা শুরু হলে সে ক্ষেত্রে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
এদিকে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রঘনিষ্ঠ কয়েকটি আরব দেশ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল রোববার (৮ মার্চ) ভার্চুয়ালি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে এ জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। শুক্রবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি দাবি করেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইরান। তিনি বলেন, এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
