সীমান্তে হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রীর ছেলে আহত
লেবানন সীমান্তে সাম্প্রতিক এক হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, সীমান্ত এলাকায় সংঘটিত হামলায় তিনি আহত হয়েছেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর নয়।
অন্যদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী যেহুন বায়রামোভ জানিয়েছেন, কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তেহরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস এবং তাবরিজের কনস্যুলেট জেনারেল থেকে কর্মীদের প্রত্যাহার করা হচ্ছে।
এই সিদ্ধান্তের আগে আজারবাইজান অভিযোগ তোলে, ইরান থেকে আসা চারটি ড্রোন তাদের সীমান্ত অতিক্রম করে নাখচিভান অঞ্চলে প্রবেশ করেছে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে দাবি করে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় পড়ে বলে জানানো হয়।
তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কোনো ধরনের ড্রোন হামলা চালায়নি এবং সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। ইরানের দাবি, আজারবাইজানের অভিযোগের কোনো ভিত্তি নেই।
