শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন আইআরজিসি মুখপাত্র
ইরান ঘোষণা করেছে যে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, চলমান পরিস্থিতিতে ইরান তার সামরিক শক্তির পূর্ণ সক্ষমতা এখনো প্রদর্শন করেনি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি বলেন, সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি নিয়ে রেখেছে।
প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, ‘ট্রু প্রোমিজ ৪’ অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত যে ধারাবাহিক সামরিক হামলা চালানো হয়েছে, তা ইরানের সামরিক শক্তির সামান্য অংশ মাত্র। নায়েইনির দাবি, সামনে আরও নতুন কৌশল ও আধুনিক প্রযুক্তিনির্ভর অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যেগুলো এখনো বড় আকারে মোতায়েন করা হয়নি।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে প্রতিটি সামরিক অভিযানে প্রতিপক্ষকে আরও কঠোর ও শক্তিশালী আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সময়ে ইরান দাবি করেছে যে তারা ইসরাইলের তেল আবিব লক্ষ্য করে খাইবার নামের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের মতে, এই ক্ষেপণাস্ত্র উচ্চমাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে, যা ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতির ইঙ্গিত বহন করে।
