আবারও বিপাকে মিমি, অভিনেত্রীর বিরুদ্ধে দুই মামলা
নতুন বছরের শুরুতেই আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বনগাঁ আদালত–এ তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
বিষয়টির সূত্রপাত বনগাঁর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে মঞ্চে অপমানিত হওয়ার অভিযোগ তোলেন মিমি এবং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অনুষ্ঠানটির প্রধান আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পাল্টা আইনি পদক্ষেপ নেন এবং অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তনয় শাস্ত্রী মিথ্যা অভিযোগ ও মানহানির অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেছেন। মানহানির মামলায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগে অনুষ্ঠানের জন্য দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা অগ্রিম ফেরত চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে রাত ১০টায় মিমির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছান। আয়োজকদের দাবি, প্রশাসনিক অনুমতি অনুযায়ী রাত ১২টার মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হতো। তাই নির্ধারিত সময় মেনে চলতেই মঞ্চ থেকে তাকে নামতে বলা হয়েছিল, এতে অসম্মানের কোনো উদ্দেশ্য ছিল না।
