ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ইরানের সাম্প্রতিক হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি রি-ফুয়েলিং যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তাদের মতে, এসব বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে মোতায়েন ছিল এবং ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে গত কয়েক দিনে সেগুলো আঘাতপ্রাপ্ত হয়।
তবে বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি। প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে সেগুলো আবারও ব্যবহারের উপযোগী করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ হামলার সময় কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি বলেও তারা নিশ্চিত করেছেন।
এদিকে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ওই বিমানে চালক ও সহচালকসহ মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং বাকি দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রি-ফুয়েলিং বিমান মূলত আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়, যা দীর্ঘ সময় আকাশে টহল বা অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত শতকের পঞ্চাশের দশক থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী নিয়মিতভাবে এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করে আসছে। ফলে এই বিমানগুলো মার্কিন সামরিক কৌশল ও আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
