উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরিফ ওসমান হাদির জীবনী





ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান এবং আলোচিত রাজনৈতিক কর্মী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে একটি নিবন্ধ যুক্ত হয়েছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায়। সম্প্রতি সেখানে তার জীবন, রাজনৈতিক কার্যক্রম এবং মৃত্যুকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

উইকিপিডিয়ার তথ্যমতে, শরিফ ওসমান বিন হাদি ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠির নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন। পরে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি লেখালেখি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় হয়ে ওঠেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন আন্দোলন, সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, জুলাই শহীদদের অধিকার প্রতিষ্ঠা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ নানা রাজনৈতিক ইস্যুতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

নিবন্ধে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলামকে বিয়ে করেছিলেন এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। মৃত্যুর পর ঢাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url