অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণের দাবি জানিয়েছেন। শুক্রবার বিকেলে ময়মনসিংহে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তার অভিযোগ, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যার সময় তিনি নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, নির্বাচনে নানা ধরনের কারচুপির অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও জনগণের প্রতি সম্মান জানিয়ে এনসিপি ও ১১ দলীয় জোট সংসদে যোগ দিয়েছিল। কারণ জনগণ তাদের সংসদে পাঠিয়েছে দেশের সাংবিধানিক সংস্কার, উচ্চ কক্ষ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক কার্যক্রম শক্তিশালী করার উদ্দেশ্যে। তবে সংসদের কার্যক্রমের শুরুতে তারা আন্তরিকভাবে অংশ নিলেও পরে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তারা এর প্রতিবাদ জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, স্পিকারকে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হলেও তা না মেনে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে এনসিপির সদস্যরা ওয়াকআউট করে সংসদ ত্যাগ করেন।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারীও বক্তব্য দেন। তিনি ভারতের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে দোয়া কামনা করেন। পাশাপাশি বিভিন্ন আন্দোলনের শহীদদের জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠানে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-NCP-Nahid-Islam-(1)-69b441df0774e.jpg)