সাবেক ২ উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার দাবি করেছে। এ দাবিতে শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার ভোরে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়েছে, ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তাদের দাবি, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে। তাই এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।
এদিকে বৃহস্পতিবার জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের আয়োজনে আলেম-উলামা, ইমাম ও খতিবদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার রহস্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তার মতে, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কিছু বক্তব্য থেকেই বোঝা যায় যে দেশি-বিদেশি বিভিন্ন শক্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার আদালতকে ব্যবহার করে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি কেউ অতীত সরকারের মতো পথ অনুসরণ করে, তবে এর দায়ভার সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে। তরুণ সমাজ এ বিষয়ে সচেতন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
