চার দেশের স্টুডেন্ট ভিসা বন্ধ করল যুক্তরাজ্য
প্রথমবারের মতো চার দেশের নাগরিকদের ভিসা ব্যবস্থায় ‘ইমার্জেন্সি ব্রেক’ জারি করেছে যুক্তরাজ্য সরকার। অভিযোগ উঠেছে, কিছু আবেদনকারী স্টুডেন্টসহ বৈধ ভিসা নিয়ে দেশে প্রবেশের পর রাজনৈতিক আশ্রয় চাইছেন, যা ভিসা ব্যবস্থার অপব্যবহার বলে মনে করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বিষয়টি প্রকাশ করে দ্য গার্ডিয়ান।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান। আফগান নাগরিকদের ক্ষেত্রে ওয়ার্ক ভিসাও স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়া হবে, তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার বরদাশত করা হবে না।
হোম অফিসের তথ্য অনুযায়ী, গত বছর আশ্রয়প্রার্থীদের ৩৯ শতাংশ বৈধ ভিসায় প্রবেশের পর আবেদন করেছেন। ২০২১ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত উল্লিখিত দেশগুলোর শিক্ষার্থী আবেদনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বৃহস্পতিবার অভিবাসন নীতির পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে আশ্রয় মর্যাদা ৩০ মাসের অস্থায়ী ভিত্তিতে দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
