ইরানের ওপর সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন : শেখ বাবলু
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টি–র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের প্রাণহানি বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অবিলম্বে হামলা বন্ধ ও দায়ীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার দাবি জানান।
সোমবার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাব–এর সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–সহ বহু মানুষের হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। পুরাতন পল্টন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
দলের মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেন, যুদ্ধ নয়—সংলাপ ও কূটনৈতিক সমাধানই টেকসই শান্তির একমাত্র পথ। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ–এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং বাংলাদেশ স্বাধীনতা পার্টি–র সভাপতি ফয়েজ হোসেন। তারা আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
