নায়েবে আমির আবু তাহেরের ইন্তেকাল, শোকের ছায়া দেশজুড়ে
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতি প্রখ্যাত আলেম আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকালে গভীর শোক নেমে এসেছে ধর্মীয় অঙ্গনে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তার এবং সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার ইন্তেকালে দেশের আলেম-উলামা, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ইসলামী চিন্তাবিদ ও দক্ষ সংগঠক, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বিকেল সাড়ে ৪টায় সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার অবদান স্মরণ করেন।
