সংবিধান সংস্কারে গড়িমসি করছে সরকার—জামায়াত আমিরের অভিযোগ


 



জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে সরকার উপেক্ষামূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদ ভবনের বাইরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের ভোট ও মতামতকে কোনোভাবেই অবহেলা করা যায় না। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা বিষয়গুলো উত্থাপন করে যাচ্ছেন এবং জনগণও তাদের আহ্বানে সাড়া দিয়েছে। তিনি জানান, গত ১৫ মার্চ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উপস্থাপন করলে স্পিকার লিখিত নোটিশ দিতে বলেন। পরবর্তীতে তারা লিখিতভাবে নোটিশ জমা দেন এবং তা সংসদে উপস্থাপনও করেন।

তিনি আরও বলেন, একাধিকবার বাধা এলেও শেষ পর্যন্ত স্পিকার রুলিং দিয়ে আগামী ৩১ মার্চ দুই ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করেছেন। সেই আলোচনায় কী ফলাফল আসবে, তা দেখার জন্য তারা অপেক্ষা করছেন। তিনি যুক্তি তুলে ধরে বলেন, যে আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই আদেশে গণভোটও হয়েছে। তাই একটি গ্রহণযোগ্য আর অন্যটি অগ্রহণযোগ্য—এমন দ্বৈত অবস্থান গ্রহণযোগ্য হতে পারে না।

বর্তমান সংসদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, একটি বিশেষ পরিস্থিতি ও ত্যাগের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা ও জুলাইয়ের চেতনাকে গুরুত্ব দিয়ে সংকট নিরসনের আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এসব বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রীর। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার বক্তব্য প্রদানকে তিনি অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন এবং একজন অভিজ্ঞ সংসদ সদস্যের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url