ট্রাম্পের হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান, যা বলল চীন ও যুক্তরাজ্য


 



ইরান ও মার্কিন-ইসরাইল সংঘাতের প্রভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে এবং নৌপথ সচল রাখতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেওয়া এক বার্তায় তিনি চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্রাম্পের এই প্রস্তাবের পরপরই বিশ্বরাজনীতির দুই গুরুত্বপূর্ণ শক্তি চীন ও যুক্তরাজ্য তাদের প্রাথমিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কিছু না বললেও দ্রুত সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা বজায় রাখা সব পক্ষের যৌথ দায়িত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে চীন পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা রাখবে।

অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে তারা মিত্র দেশগুলোর সঙ্গে সম্ভাব্য বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানো হবে কি না, সে বিষয়ে ব্রিটিশ সরকার এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের হুমকিতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের চেষ্টা চালাচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url