যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের






যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে এর ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে।

কিম ইয়ো জং অভিযোগ করেন, বৈশ্বিক পরিস্থিতি যখন নানা সংঘাত ও অস্থিরতায় ভরপুর, তখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকি তৈরি করছে। সম্প্রতি দুই দেশ ১১ দিনব্যাপী বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে। এতে হাজার হাজার সেনা অংশ নিচ্ছে এবং ‘ওয়ারিয়র শিল্ড’ নামে একটি ফিল্ড প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

তিনি সরাসরি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রসঙ্গ না তুললেও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও উত্তেজনা বাড়ছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা দ্রুত দুর্বল হয়ে পড়ছে। তার মতে, কিছু শক্তির বেপরোয়া আচরণের কারণে বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে।

ফ্রিডম শিল্ড মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান বার্ষিক কমান্ড পোস্ট মহড়া। এতে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি যাচাই করা হয়।

কিম ইয়ো জং আরও বলেন, বাইরের হুমকির মুখে উত্তর কোরিয়া তার সামরিক শক্তি আরও বাড়াবে এবং প্রয়োজন হলে শত্রুদের সামনে তাদের প্রতিরোধ ক্ষমতার কঠোরতা প্রমাণ করবে। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বরাবরের মতোই দাবি করছে, তাদের এই যৌথ মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url