কর্মকর্তাদের ইরাক ছাড়তে বলল মার্কিন দূতাবাস
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মকর্তাদের ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানে কর্মরত মার্কিন কর্মকর্তাদের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মার্কিন নাগরিকদের দ্রুত অঞ্চল ত্যাগের আহ্বান জানান। তার ভাষ্য, পরিস্থিতি গুরুতর হওয়ায় বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত।
ভ্রমণ সতর্কতায় যেসব দেশের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইসরাইল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
