টানা ষষ্ঠ দফায় বাড়ল স্বর্ণের দাম, কত টাকা ভরি?
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে উন্নত মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম এক ধাপে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ১৭৪ টাকা বাড়িয়ে ৭ হাজার ১৭৩ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় নির্ধারণ করা হয়েছে।
