বিয়ের ৩ দিন পরই যে ইচ্ছা প্রকাশ করলেন রাশমিকা
দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গত বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ অনুষ্ঠিত সেই বর্ণিল অনুষ্ঠানের ছবি ও খবর এখনো ভক্তদের আলোচনায়। বিয়ের আনন্দমুখর আবহ কাটতে না কাটতেই সামনে এসেছে তাদের পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
বিয়ের পর এক ঘনিষ্ঠ আলাপচারিতায় রাশমিকা জানান, তিনি কেবল সফল দাম্পত্যই নয়, মাতৃত্বের স্বাদ পাওয়ার স্বপ্নও লালন করছেন। তার ভাষায়, সংসার ও সন্তান একজন নারীর জীবনে ভিন্নমাত্রার পূর্ণতা এনে দেয়। শুধু একটি সন্তান নয়, একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রীর মতে, সন্তান দম্পতির সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে। মা হওয়ার পর নিজের অগ্রাধিকার বদলে যাবে বলেও জানান তিনি। সন্তানের লালন-পালন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তখন হবে তার প্রধান লক্ষ্য। প্রয়োজনে ক্যারিয়ারে বিরতি বা ছাড় দেওয়ার ব্যাপারেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ঘিরে তাই উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।
