সরকারকে শেষবারের মতো সতর্ক করলেন জামায়াত আমির


 



বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান সংসদের ভেতরেই সংবিধান সংস্কার পরিষদ ইস্যুর সমাধান চান বলে জানিয়েছেন। রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিষয়টির সমাধান সংসদের মাধ্যমেই হওয়া উচিত। তবে সংসদের ভেতরে যদি জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হয়, তখন স্বাভাবিকভাবেই রাজপথে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও তারা তা চান না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে এবং স্পিকার নোটিশ দিতে বলেছেন। সেই ধারাবাহিকতায় আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আদালতে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির বলেন, এটি কার্য উপদেষ্টা কমিটির বিষয় নয়; বরং সংসদের মধ্যেই এর সমাধান হওয়া উচিত। তিনি ২০২৬ সালের একটি প্রেসিডেনশিয়াল অর্ডারের প্রসঙ্গ তুলে বলেন, একই আদেশের ক্ষেত্রে এক পক্ষকে মানা হবে আর অন্য পক্ষকে নয়—এটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও প্রশ্ন তোলেন, যারা শপথ নিয়েছেন তাদের অবস্থান কী হবে এবং যারা এখনো শপথ নেননি তারা কবে শপথ নেবেন। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কবে হবে এবং গণভোটের ফলাফল কার্যকর করা হবে কি না—এসব বিষয়েও দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন বলে তিনি জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url