পালানোর পথ শেষ! হাদি হত্যার প্রধান আসামি আটক, মধ্যরাতে মুখ খুললেন জাবের


 




ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তার সঙ্গে সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।



এ ঘটনার পর হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। জাবের বলেন, শহীদ হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে—সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।



এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করার দাবিতে ইফতারের পর ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের পেছনে জড়িত সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।



জাবের আরও অভিযোগ করেন, আগের তদন্ত প্রতিবেদনে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, আগামী ১১ মার্চ জমা দেওয়ার কথা থাকা চার্জশিটেও যদি একই ধরনের ঘটনা ঘটে, তবে ইনকিলাব মঞ্চ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সবার মতামতও চাওয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url