মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে ইরানের হামলা
মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। শনিবার (৭ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমানঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান কেন্দ্র এবং একটি স্যাটেলাইট যোগাযোগ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত আল ধাফরা বিমানঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হবে না। তবে কোনো দেশের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে তার জবাব দেওয়া হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সম্প্রতি এ নীতি অনুমোদন করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানো থেকে বিরত থাকবে তেহরান। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে আঞ্চলিক দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট।
