ইরান যুদ্ধ কতদিন চলবে? বিশ্লেষকের চাঞ্চল্যকর পূর্বাভাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও, এ বিষয়ে ভিন্নমত পোষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, ইরানকে ঘিরে চলমান এই সংঘাত স্বল্পমেয়াদে শেষ হওয়ার সম্ভাবনা কম; বরং এটি কয়েক মাস থেকে আরও দীর্ঘ সময় পর্যন্ত গড়াতে পারে।
ওয়াল স্ট্রিটভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল আলফা পার্টনার্সের বিশ্লেষক বায়রন ক্যালান এক প্রতিবেদনে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল ও বিস্তৃত হচ্ছে। তার মূল্যায়ন অনুযায়ী, আগামী মে মাসের মধ্যে যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। অন্যদিকে, ২০২৬ সালের শেষ নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে—এমন সম্ভাবনা তিনি দেখছেন প্রায় ৪৫ শতাংশ। তবে উদ্বেগজনক বিষয় হলো, এই সংঘাত ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকিও প্রায় ৩৫ শতাংশ।
ইতোমধ্যে যুদ্ধের প্রভাব ইরাকেও পড়েছে। সেখানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। পাশাপাশি ইয়েমেনেও উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
হরমুজ প্রণালিতে আংশিক অচলাবস্থা তৈরি হওয়ায় সৌদি আরবের তেলের ওপর চাপ বাড়ছে। এর ফলে বিকল্প সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে কাস্পিয়ান সাগর অঞ্চলেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে ইরানের বন্দরগুলোতে হামলার খবর পাওয়া গেছে।
বিশ্লেষক ক্যালান আরও সতর্ক করে বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বাড়তে থাকায় পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে। সব দিক বিবেচনায়, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার চেয়ে দীর্ঘমেয়াদি সংঘাতের ঝুঁকিই বর্তমানে বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।
