হরমুজ প্রণালি নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তার কড়া বার্তা
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-মার্কিন বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই নৌপথ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
লারিজানি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি হয় বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হয়ে উঠবে, নতুবা যুদ্ধ উসকে দেওয়া শক্তিগুলোর জন্য এটি পরাজয় ও দুর্ভোগের কারণ হবে। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি পরোক্ষ বার্তা হিসেবে দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্ববাজারে যে বিপুল পরিমাণ তেল রপ্তানি হয়, তার প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা নৌ চলাচলে বাধা সৃষ্টি হলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি হরমুজ প্রণালিতে কোনো রকম অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও তার নেতিবাচক প্রভাব পড়বে।
