‘খামেনি হত্যা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবজ্ঞা’


 




ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (০১ মার্চ) দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ এবং সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যার ঘটনা ‘প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং মনে করিয়ে দিচ্ছে যে, এ ধরণের সহিংসতা কোনোভাবেই বৈধতা পেতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দিনের সামরিক উত্তেজনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে এবং এর প্রভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাত গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন করছে এবং বিশ্বজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করছে।




বিবৃতিতে মজলিস নেতারা যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান অনুসরণ করতে হবে। পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সক্রিয় ভূমিকা পালন এবং সারা বিশ্বে সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url