এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন সুখবর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের দ্রুত বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন শিক্ষকের তথ্যভুল ও বিল সাবমিটে ধীরগতির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বেতনের প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। Education Management Information System (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখনো ১ হাজার ৩৩৫ জন শিক্ষক ফেব্রুয়ারির বিল জমা দেননি। তারা দ্রুত আবেদন করলে অর্থ ছাড় প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।
অধিদপ্তরের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আগস্ট থেকে অনলাইনে বিল সাবমিটের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএসের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বকেয়া মাসের বিল আলাদাভাবে জমা দেবেন।
এনআইডি ও ব্যাংক সংক্রান্ত তথ্য iBAS++ সিস্টেমে যাচাই করা হয়। যাচাইয়ে ইনভ্যালিড হওয়া তথ্য সংশোধনের পর বকেয়া পরিশোধের জন্য বিল সাবমিট অপশন চালু রাখা হয়েছে। অনলাইন এমপিও আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে বকেয়া জমা দিতে ‘পেমেন্ট নেই’ অপশন নির্বাচন করতে হবে।
